ময়মনসিংহ নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পৃথক অফিস আদেশে তাদের জনস্বার্থে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়। দ্রুতই ফাঁড়িতে নতুন পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলি হওয়া ২৭ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবল।
পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনাপাড় এলাকায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই ঘটনায় ফাঁড়িতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরই দায়িত্বে থাকা সবাইকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ওই মিছিলের ঘটনায় করা মামলায় গত চার দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমনসহ অন্যরা রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ২১ আগস্টের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে এসআই মাজহার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, মামলায় গ্রেপ্তার ২০ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

