বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২১:২৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসব তথ্য নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, দুজন নারী ও ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিমানবন্দর এলাকার যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 
ইত্তেফাক/আরএইচ