লক্ষ্মীপুরের রামগতিতে আট বছরের দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ও এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ টুমচর ও চর আফজল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচরের আজাদ বাজার এলাকার মো. আলমগীরের ছেলে। অপর গ্রেফতারকৃত ডাকাত মো. নিজাম চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকার মাহে আলমের ছেলে। তাদের গতকাল রবিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ জানায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, একটি জিআর মামলায় নোয়াখালীর যুগ্ম দায়রা জজ আদালত-৩ মো. আরিফকে আট বছরের সাজা দেন। সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অপর গ্রেফতারকৃত মো. নিজাম রামগতি থানার তালিকাভুক্ত ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
