মুক্তাগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর নামে ফেসবুকে আপত্তিকর ছবি জুড়ে কুরুচিপূর্ণ উক্তি পোস্ট দেওয়ার দায়ে গ্রেফতার দুই যুবককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার মুক্তাগাছা থানা পুলিশ হারাধান ভট্টাচার্য্য ও হযরত আলী নামের দুই যুবককে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে সোপর্দ করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা কাউনডাঙ্গারচর মুজাটির বাসিন্দা।
থানা পুলিশ জানায়, মুক্তাগাছার এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবুর ঈদের শুভেচ্ছা ছবির পাশে আপত্তিকর অবস্থায় কয়েকটি মেয়ের ছবি ও ছবির সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে নিজের আইডির ওয়ালে পোস্ট দেয় হারাধন ভট্টাচার্য্য। মঙ্গলবার দেওয়া ঐ পোস্ট হযরত আলীর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করা অবস্থায় পাওয়া যায় ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, এ ঘটনায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর হুমি বাদী হয়ে মুক্তাগাছা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
