জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উপহার দেওয়া একটি ফ্রিজ নিজের বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলীর বিরুদ্ধে। কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ বলেছেন, প্রতিষ্ঠানের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা কোনোভাবেই ঠিক হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় কার্যালয়ের জন্য ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। দীর্ঘদিন ধরে ফ্রিজটি বিভাগীয় প্রধানের কক্ষেই রাখা ছিল এবং অন্য শিক্ষকরাও সেটি ব্যবহার করতেন। তবে প্রায় এক মাস আগে বিভাগীয় প্রধানের বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেলে তিনি কলেজের ফ্রিজটি নিজের বাসায় নিয়ে যান।
অভিযোগের বিষয়ে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী জানান, বিভাগে ফ্রিজের তেমন প্রয়োজন হচ্ছিল না। তার বাসার ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়া এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করে খাবার পাঠানোয় সংরক্ষণের সুবিধার জন্য তিনি সেটি বাসায় নিয়ে গেছেন। তার দাবি, এই ফ্রিজের প্রতি তার কোনো ব্যক্তিগত লোভ নেই এবং ফেরত চাইলে তিনি এখনই তা এনে দেবেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, এই বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল। বিভাগ থেকে নিজ বাসায় ফ্রিজ নেওয়াটা একেবারেই ঠিক হয়নি। এ বিষয়ে আমাকে আগে কেউ জানায়নি। এই বিষয়ে কথা বলে আমি পদক্ষেপ নেব।

