চাঁদপুর শহরের খলিশাডুলি এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ লাখ ৪৭ হাজার টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে চাঁদপুর জেলা ডিবি অফিস কার্যালয়ে প্রেস ব্রিফিং করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন এসব তথ্য জানান।
আটকরা হচ্ছে—কক্সবাজার জেলার নাফিত খালি এলাকার বশির আহম্মদ, মহেশখালি উপজেলার খলিফা পাড়ার মো. সৈয়দ নুর, ঈদগাহ্ এলাকার মো. নাজির আহমেদ, মহেশখালি উপজেলার আন্দামোহনা এলাকার মনিরুল ইসলাম ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিল্লাল হোসেন।
ওসি নুর হোসেন মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টায় শহরের খলিশাডুলি বনবিভাগ সড়কে মৃত ডা. নুরুল হকের বাড়ির ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাসায় অভিযান চালানো হয়। তাদের দেয়া তথ্যে আটক বশির আহমেদের পেটে অভিনব কায়দায় থাকা ইয়াবার ৫০টি প্যাকেট মলত্যাগের মাধ্যমে বাহির করা হয়। একই সময় ইয়াবা বিক্রির লেনদেন করা ৩ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
