বরগুনার পাথরঘাটায় রুমা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জামাল মৃধা ও শাশুড়ি আছিয়া বেগমের বিরুদ্ধে। রবিবার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুমা উপজেলার কামারহাট গ্রামের মো. শাহেদ গাজীর মেয়ে।
মৃত রুমা বেগমের বড়ো বোন সুরমা বেগম জানান, তিন বছর আগে ৯ নম্বর ওয়ার্ডের হাবিব মৃধার ছেলে জামালের সঙ্গে তার ছোটো বোন রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই জামাল ও তার মা রুমাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। রবিবার সকালে রুমার ছেলে রিফাতের অসুস্থতার খবর জানতে ফোন দিলে রুমা অপর প্রান্ত থেকে জানায় তার শাশুড়ি ও স্বামী তাকে অনেক মারধর করেছে। তারা যেন তাকে তাড়াতাড়ি এ বাড়ি থেকে নিয়ে যায়। তাত্ক্ষণিক জামালের বাড়িতে গিয়ে দেখা যায়, কিছু লোক রুমাকে কোলে করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। সেখানে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই শাশুড়ি ও স্বামী পালিয়ে যায়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিত্সক খালিদ মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে আসার আগেই রুমার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য রুমার লাশ বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
