জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১০

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২১:১১

ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমএএম