দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির সদস্য করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম এবং সার-ডিলার নিয়োগের বিষয়গুলো নিয়মিত পরিবীক্ষণ করবে নতুন এই কমিটি। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে কমিটির। কৃষি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
এতে উল্লেখ করা হয়, নতুন গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

