ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৪:২৩

কুমিল্লার বুড়িচংয়ে জাকির হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বুড়িচং উপজেলার কাকিয়ারচর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লেও জাকিরকে হাসপাতালে নেওয়া হয়নি। তার মরদেহ গোপন রাখার চেষ্টা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

জাকির অচেতন হয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে জানানো হয়নি পুলিশকে। সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি গ্রাম পুলিশ মোখলেসকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। এদিন রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে জাকিরের সঙ্গে শাকিলের তর্কাতর্কি হয়। একপর্যায়ে শাকিলসহ কয়েকজন জাকিরকে মারধর করেন বলে অভিযোগ উঠে। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

এদিকে মরদেহ উদ্ধারের সময় জাকিরের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় উল্লেখ করে পুলিশ বলেন, তার মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝবরাবর কাটা জখমের চিহ্ন আছে।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজীত বড়ুয়া জানান, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার নেপথ্যের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

 

ইত্তেফাক/এনটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন