রিফাত হত্যায় মিন্নির জামিনের আবেদন হাইকোর্টে

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৪৬

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল রবিবার আবেদনটি শুনানির জন্য পেশ করা হয়। মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আবেদনটি আদালতে পেশ করেন। এ পর্যায়ে আদালত বলেন, শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে জামিন আবেদনটি। পরে মিন্নির আইনজীবী বলেন, সোমবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসতে পারে। কার্যতালিকায় আসলে আমরা শুনানি করব। 

গত ৮ আগস্ট হাইকোর্টের একটি অবকাশকালীন ডিভিশন বেঞ্চ মিন্নিকে জামিন দেয়নি। এ অবস্থায় তার আইনজীবী আবেদনটি ফেরত দেওয়ার আবেদন জানালে হাইকোর্ট তা মঞ্জুর করে। ঐদিন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির জামিনের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, মিন্নি রিফাত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। হত্যাকাণ্ডের আগে ও পরে সে একাধিকবার নয়ন বন্ডের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া পুলিশের কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে তাতে মিন্নির গতিবিধি সন্দেহজনক। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিন্নির নাম এসেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িয়ে নিজেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ অবস্থায় তাকে জামিন দেওয়া ঠিক হবে না। 

রিফাত শরীফ হত্যা মামলায় গত জুলাই মাসে ম্যাজিস্ট্রেট এবং জেলা ও দায়রা জজ আদালত মিন্নির জামিন আবেদন খারিজ করে দেয়। পরে ঐ খারিজ আদেশের বিরুদ্ধে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।