রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর সোনার কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলে এক ছিনতাইকারী। এ সময় ট্রাফিক পুলিশ তাকে আটক করে বমি করিয়ে তার পেট থেকে সেই দুল উদ্ধার করে। আটককৃত ছিনতাইকারীর নাম মো. সেলিম।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ট্রাফিক যাত্রাবাড়ী জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার সন্ধ্যা ৬টার পর যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে এগিয়ে যায়। এ সময় তারা দেখতে পায়, এক ব্যক্তি সোনার কানের দুল ছিনতাই করে দৌড়ে পালাচ্ছে। পরে ধাওয়া করে তাকে আটক করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
পরে তল্লাশি করে সেলিমের কাছে ছিনতাই হওয়া স্বর্ণের দুল পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর তাকে বমি করানো হয়। একপর্যায়ে তার পেট থেকে স্বর্ণের কানের দুলটি বের হয়ে আসে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।

