আসন বণ্টনে প্রধানমন্ত্রী নিশ্চয়ই দূরদর্শিতার পরিচয় দেবেন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৯

বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী যুক্তফ্রন্টসহ মহাজোট শরিকদের আসন বণ্টনের বিষয়ে প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবেন। এরপরেই সারাদেশে মহাজোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। সেই গণজোয়ারে স্বাধীনতাবিরোধী শক্তি পিছু হটতে বাধ্য হবে।’ একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজ বাড়ির আঙ্গিনায় মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর-হরিরামপুর-দক্ষিণ মানিকগঞ্জ) স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ঘরোয়া মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্থানীয় মুরব্বি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও মজিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরদার শামস আল মামুন, মোতালেব, কাজী বশির আহমেদ কুদ্দুস, বাশার হাজারী, আমির হোসেন খোকা প্রমুখ।