ড্রাগ সেবনের দায়ে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে এই শাস্তির কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৫ সালের সেপ্টেম্বরে এক ডোপ টেস্টে আসিফের শরীরে নিষিদ্ধ উপাদান মাস্টারলোনের মেটাবোলাইট শনাক্ত হয়। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছেন।
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াদা) সঙ্গে কেস রেজুলেশন চুক্তিতে সম্মত হওয়ায় আসিফের পক্ষ থেকে কোনো আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকছে না। এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে, যা চলবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে দলের অনুশীলনে অংশ নিতে পারলেও আসিফ প্রতিযোগিতামূলক খেলায় মাঠে নামতে পারবেন ৮ ডিসেম্বরের পরে।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়কালে আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, জয় করা পদক, পয়েন্ট বা প্রাইজমানি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিরুদ্ধে খেলা আসিফের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ক্যারিয়ারের রেকর্ড বুক থেকে মুছে যাবে।

