রুটকে টপকে ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:৫২

গত আগস্টে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে ক্যাচের রেকর্ড গড়েছিলেন জো রুট। এতে পেছনে পড়ে গিয়েছিলেন স্টিভেন স্মিথ। তবে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন এই অজি তারকা। 

রোববার (১১ অক্টোবর) কিংসমিডে চারটি ক্যাচ নেন স্মিথ। এর মধ্যে নিজের দ্বিতীয় ক্যাচে ডেভিড বেডিংহামকে ফিরিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

২১৯ ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিলেন স্মিথ। টেম্বা বাভুমাকে স্লিপে মুঠোবন্দি করে রুটের পাশে বসেন। বেডিংহ্যামের ক্যাচ নিয়ে ইংল্যান্ড তারকাকে পেছনে ফেলেন।

এরপর দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনেকে তালুবন্দি করেন স্মিথ। চতুর্থ ক্যাচ তিনি নেন এনরিখ নরকিয়ার। 

ওই ক্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২৮৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। স্মিথ এখন ২২২ ক্যাচের মালিক। দ্বিতীয় ইনিংসে সেই সংখ্যা বাড়লেও বাড়তে পারে।

ইত্তেফাক/জেডএইচ