নওগাঁর ধামইরহাটে মাছ ধরতে গিয়ে নদে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮) এবং ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সবার অজান্তে বাড়ির কাছে আত্রাই নদে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামতেই পানিতে তলিয়ে যায় তারা। সাঁতার না জানায় পানির স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। এর একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান বলেন, নদে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

