বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২১:০৭

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব, জ্যেষ্ঠ সাংবাদিক কাদের গনি চৌধুরী। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি সাংবাদিক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০ (১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য যেকোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

কাদের গনি চৌধুরী বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক নেতা এবং জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী। তিনি দেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সময় বস্তুনিষ্ঠ ও নীতিপরায়ণ সাংবাদিকতার পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন এবং ক্ষমতার প্রভাবমুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালনের ওপর জোর দেন। 

ইত্তেফাক/আরএইচ