হিমবাহধসের পর এবার ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তিব্বত

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩

ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের। 

জিএফজেডের তথ্য অনুযায়ী, উত্তর তিব্বতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলো থেকে কয়েক শত মাইল উত্তরে অবস্থিত। 

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এদিকে তিব্বতে বন্যার ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে চীন। একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় দেশটি চতুর্থ স্তরের বন্যা মোকাবিলা ব্যবস্থা চালু করেছে।

সিনহুয়া জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা ও সংশ্লিষ্ট এলাকার বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে একটি বিশেষজ্ঞ দলও গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

এর আগে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় হিমবাহধসের পর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যেই নতুন করে ভূমিকম্প ও প্রাকৃতিক হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় তিব্বতের পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এসজেএস