উপজেলার শেষ প্রান্তে মির্জাপুর ও সাটুরিয়া উপজেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন। এই ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বংশী নদী চর রাজাপুর, চর মকিমপুর, দ্বিমুখা, মনোহরপুরসহ আটদশটি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে ধামরাই উপজেলা থেকে। নদীর পূর্বপাড়ে রয়েছে রাজাপুর বাজার, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়, বেগম আনোয়ারা গার্লস কলেজ, ধূলট হাইস্কুল, ধূলট প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, কয়েকটি খেলার মাঠ ও চৌহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়। বিচ্ছিন্ন এলাকার গ্রামবাসী রাজাপুরের উপর নির্ভরশীল। তাই তাদেরকে কখনো নৌকায়, কখনো বা নদী সাঁতরে রাজাপুরে আসতে হয় প্রতিদিন। স্কুল- কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে থাকে। রোগী নিয়ে তো দুর্ভোগের কোনো শেষ নেই। যানবাহনে আসতে হলে সাটুরিয়া উপজেলা হয়ে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা ঘুরে নিজেদের ইউপি কার্যালয়, বাজার-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। অথচ রাজাপুরে বংশী নদীর উপর সেতু নির্মিত হলে পথটুকু হতো মাত্র কয়েক মিনিটের।
এলাকাবাসীর অনেক চেষ্টা তদবিরের পর ২০১৫ সালে রাজাপুরে বংশী নদীর উপর ৭৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। এলজিইডির অধীনে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ২০১৭ সালে। কিন্তু পরিতাপের বিষয় হলো, দফায় দফায় ঠিকাদার পরিবর্তন হয়েছে কিন্তু অদ্যাবধি সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। সেতুটি অসম্পন্ন রেখেই চলে গেছে ঠিকাদার। সেতুটির নির্মাণ কাজ আদৌ সম্পন্ন হবে কী-না সে বিষয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে এলাকাবাসী। এলাকার বাসিন্দা ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেঘনা ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম ক্ষুব্ধ কণ্ঠে বলেন, সেতুটির নির্মাণ সম্পন্নের জন্য অনেক ছুটোছুটি করেছি কিন্তু কোনো সমাধান খুঁজে পাইনি। একটি অশুভ চক্র ও অদৃশ্য শক্তির কারণে সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। ওই এলাকার শতবর্ষী বাসিন্দা আব্দুর রহিম দুঃখ করে বললেন ‘খুব অসুবিধায় আছি। আমরা সেতুটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানাই।’
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইউসূফ হোসেন জানান, তিনি দুই সপ্তাহ আগে বদলি হয়ে গেছেন। সেতুটির মূল কাজ পেয়েছিল ফাহিম কনস্ট্রাকশন। ঐ ফার্মের স্বত্বাধিকারী কামরুল জনৈক আবুল ঠিকাদারকে কাজ করার দায়িত্ব দেন। আবুল কাজ শেষ না করেই বিল তুলে বিদেশে পাড়ি জমায়। তবে সেতুটির নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে বলে জানান তিনি।
