টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

রুবেলের ফাইফার, আরও এক জয়ে শীর্ষস্থান মজবুত বাংলাদেশ এইচপির

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪৬

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দান টেরিটোরির বিপক্ষে বল হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশ হাইপারফরম্যান্সের (এইচপি) রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল। একাই ৫ উইকেট শিকার করেছেন তিনি। রুবেলের বোলিং নৈপূণ্যে ৩ উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত হয়েছে বাংলাদেশ এইচপির। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ। সেরা চারে আগেই জায়গা নিশ্চিত হয়েছে ইরফান শুক্কুরদের। আর পাঁচটি করে ম্যাচ খেলে সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি ও ভিক্টোরিয়া সিএ।

শুক্রবার (২৮ আগস্ট) ডারউইনে ম্যাচের শুরুতে আগে ব্যাট করতে নেমে রুবেলের ঘূর্নিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে নর্দান টেরিটোরি। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ড করেন ২৬ রান। আর ২৫ রান আসে ক্যালে ম্যাকমোহনের ব্যাট থেকে। ২১ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন রুবেল। 

১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও বিতর্কিত এইক আউটে সাজঘরে ফেরেন আরিফুল হক। ৬ বলে ১০ রান করেন তিনি। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান। মাত্র ১১ রান করে ফেরেন শামীম পাটোয়ারী।

এদিকে রানের চাকা সচল রাখেন সাব্বির রহমান। ৩ রানের জন্য ফিফটি হাতছাড়া করেন তিনি। ৩৭ বলে ৪৭ রানে আউট হন সাব্বির। এছাড়া মেহরব ৮, শুক্কুর ১৭ ও সামিউন বশির ১৪ রান করেন। আর ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন আব্দুল গাফফার সাকলাইন। এতেই ১০ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ এইচপি। 

ইত্তেফাক/জেডএইচ