আন্দোলন দেশের জন্য ক্ষতি, বিরোধী দলের সহযোগিতা লাগবে: এ্যানি

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৯:১২

দেশের স্বার্থে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদেরকে সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে যে, আন্দোলন করবে। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।’ 

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফের বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘বিরোধীদল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে ১৭ বছর।’

তিনি আরও বলেন, ‘এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে, সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

ইত্তেফাক/আরএইচ