সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮

রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা ও কিছু কাজ করা এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।’

দুর্নীতি দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন।’

তিনি বলেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।’

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।’

তিনি আরও বলেন, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও তা প্রতিরোধে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তার ভাষায়, ‘দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।’

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, ‘এক তালে যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।’

ইত্তেফাক/এসজেএস