বন্দরে চাঁদাবাজি করতে গিয়ে জনতার রোষানলে দুই পুলিশ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২৩:৫৭

বন্দরে সাদা পোশাকে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের দুই এএসআই জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন। শনিবার রাতে বন্দরের সাবদি বাজারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে দুই জনকে উদ্ধার করে নিয়ে আসেন। এই দুই এএসআই-এর নাম আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই আমিনুল ও আনোয়ার সাদা পোশাকে সঙ্গে আরো তিন জন ‘বিশেষ পেশার লোক’ নিয়ে সাবদি বাজারে এসে নান্নু স্টোরে অভিযান চালান। তারা নান্নু স্টোরে এনার্জি ড্রিংক বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেন। ‘বিশেষ পেশার লোকের’ এক জন ম্যাজিস্ট্রেট সেজে এ জরিমানার ঘোষণা দেন। এতে করে এলাকাবাসীর সন্দেহ হলে তারা সবাইকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যেতে পারলেও দুই পুলিশ জনতার হাতে আটকা পড়ে যায়। জনতা তাদের আটকে রেখে থানায় খবর দিলে ওসি নিজে গিয়ে তাদের উদ্ধার করেন। এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সবদি বাজারে আমাদের দুই পুলিশের সঙ্গে দোকানির তর্কবিতর্ক হয়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে কিছু লোক তাদের স্থানীয় এক ডাক্তারের বাড়িতে আশ্রয় দেন। আমি পরে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি। দুই জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।