সরকারি জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারে স্বর্ণকার পট্টিতে। এ ঘটনায় চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ওহাব আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে চারিগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. দাদন মুন্সি, যুবলীগের সভাপতি রিপন দেওয়ানসহ ক্ষমতাসীন দলের আরো কয়েকজনকে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামিরা স্বর্ণকার পট্টিতে ফরিদ হোসেনের জুয়েলারি দোকানে অতর্কিতে হামলা চালিয়ে আট ভরি ওজনের ১৫টি স্বর্ণের চেইন এবং পাকা স্বর্ণ ১৭ ভরি আট আনা ও ২১/২২ ক্যারেট পুরাতন ছয় ভরি স্বর্ণ মিলে সর্বমোট ১৫ লাখ ১৯ হাজার ২৫০ টাকার মালামাল লুট করে। তারা বাদীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (২৫) ও আলমগীর হোসেনকে (২২) রক্তাক্ত জখম করে। সেই সঙ্গে দোকানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত এলাকার লোকজন ও মামলার বাদী বলেন, ‘মামলার প্রধান আসামি দাদন মুন্সি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে এসেছেন এবং আমার ভাইকে তিনিই হত্যা করেছিলেন। চাপে পড়ে হত্যা মামলাটি মীমাংসা করতে হয়েছিল। এছাড়া দুই নম্বর আসামি রিপন দেওয়ান মাদক মামলার আসামি। বর্তমানে তিনিও বিএনপি ছেড়ে এক নেতার হাত ধরে হয়েছেন যুবলীগের সভাপতি।’
