শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে এক কিশোর ও তার খালার পানিতে ডুবে মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২৩:৫৯

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর ও তার খালার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার শীতলক্ষ্যা নদীর বঙ্গবন্ধু পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্জয় দত্ত। 

নিহতরা হলেন, উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. নাসিম (১৭) এবং তার খালা নরসিংদীর পলাশ উপজেলার ইসলামপাড়া গ্রামের ইসলাম মিয়ার মেয়ে মোসা. নাসিমা। মো. নাসিম মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম গতকাল দুপুরে খালা নাসিমাসহ বাড়ির অন্যদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। সেখানে নদীর স্রোতের তোড়ে তারা দুই জন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর নদী থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।