চীনের হুঁশিয়ারি ও বৃষ্টি উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ অব্যাহত আছে। গতকাল হংকংয়ের রাস্তায় ছিল লাখো মানুষের বিক্ষোভ। বিক্ষোভের অনুমতি চাওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। তবে পুলিশ গতকাল একটি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়। সম্প্রতি লন্ডনে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হুঁশিয়ারি দেন, হংকং কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বেইজিং বসে থাকবে না। খবর সিএনএন ও বিবিসির
সাউথ চায়না মর্নিং পোস্ট ভিক্টোরিয়া পার্কে গণতন্ত্রপন্থিদের একটি বিক্ষোভের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পার্কটিতে লাখো বিক্ষোভকারী জড়ো হয়েছেন। যদিও সারাদিনই মুষলধারে বৃষ্টি ছিল। পুলিশ বিক্ষোভের আয়োজক মানবাধিকার ফ্রন্টকে পার্কে বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল। এরপরই বিক্ষোভ আশেপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। এর ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাবওয়ে রেলওয়ে স্টেশনও বন্ধ করতে বাধ্য করা হয়। ওয়ং নামের এক বিক্ষোভকারী জানিয়েছেন, আমরা গত দুই মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করলেও সরকার নজর দিচ্ছে না। আমাদের দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় আসছি। প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত ১০ সপ্তাহ ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। হংকং কর্তৃপক্ষ বিলটিকে মৃত ঘোষণা করলেও বিক্ষোভ থামছে না। বিক্ষোভকারীরা এখন হংকংয়ের প্রধান নির্বাহী ল্যারি ক্যামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। যদিও তিনি চীনপন্থি ল্যাম দাবি নাকচ করে দিয়েছেন।
