সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল। এমন বাজে ব্যাটিংয়ের কারণে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে দ্বিতীয় বিভাগের কাউন্টি দলের সঙ্গে তুলনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও ৫৩ রানে। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে সুবিধা করতে পারলো না সফরকারীরা। বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’-এ পাকিস্তানের ব্যাটিং প্রসঙ্গে ভন বলেন, ‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? তারা কোনোভাবেই এমন মানের ব্যাটিং করছে না, যেটাকে টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ বলা যায়।’

সাবেক এই ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের একেবারেই কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। আর বোলিং করার জন্য এই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ সম্ভবত সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপ। শুধু তা-ই নয়, আমি মনে করি বোলার হিসেবে তারা (ইংল্যান্ড দল) সবাই বল করার জন্য যেন লাইনে দাঁড়িয়ে আছে। কারণ, তারা জানে, উইকেট পাবে।’
প্রথম টেস্টে বাজেভাবে হারের পর অনেকেই দ্বিতীয় টেস্টে চোট কাটিয়ে দলে ফেরার বাবর আজমের দিকে তাকিয়ে ছিলেন। তবে তিনিও সিবিধা করতে পারেননি। মাত্র ৮ রান করে আউট হয়েছেন তিনি।
ভন অনেকটা তুচ্ছতাচ্ছিল্যের সূরে বলেন, ‘পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে কোনো ভয় নেই। এমন কোনো ব্যাটসম্যান নেই, যে ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলতে পারে। কেউ তাদের বোলিংয়ের পরিসংখ্যানও নষ্ট করবে না। তাই ব্যাপারটা এখন এমন—“আসুন, আসুন, কে উইকেট নিতে চান?”’

