রংপুরে এবার মিললো অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৮

রংপুরে চার হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার মোকলেছুর রহমান (৫৫) নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোকলেছুর গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস এলাকার বাসিন্দা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুস সবুর জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের অটোরিকশা নিয়ে বের হন মোকলেছুর। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। এক পথচারী কাউয়াফান্দা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির লাইটের আলোয় রাস্তায় একজনকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই পথচারী চিৎকার করলে আশপাশে লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা মোকলেছুরকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

নিহত মোকলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে অটো ছিনতাইয়ের কারণে হত্যা করা হয় নাই। আমার বাবাকে জমি সংক্রান্ত জেরে হত্যা করেছে।’

ওসি আব্দুস ছবুর বলেন, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অটোরিকশা ছিনতাই থেকে হত্যার ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এপি