দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত খাদ্য মজুদ রাখাই খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও ধানকোড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যের মজুদ যাতে যথেষ্ট থাকে, যেকোনো সংকট এলে যেন আমরা তা সামাল দিতে পারি, সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। অর্থাৎ খাদ্যের মজুদ এবং নিরাপদ খাদ্য সরবরাহই মূল চ্যালেঞ্জ। আমি আশা করি, এই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করতে পারব।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যশস্যের সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সারাদেশে খাদ্য গুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে।’
সার সংকটের কারণে খাদ্য উৎপাদন ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। তবে সরবরাহ ও সঠিক ব্যবহারে কিছু সমস্যা রয়েছে।’
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বিমান মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আমি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব গ্রহণ করে মূল কাজ হলো জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করা।’

