রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, রাসেল পেশায় একজন বেলুন ও ফুল বিক্রেতা ছিলেন। তাদের বাড়ি নরসিংদী জেলার মাধবদী এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে তারা মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি এক সন্তানের জনক ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাসেল সবার ছোট।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, খবর পেয়ে মধুবাজার এলাকার একটি বাসার সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, রাসেল বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই এলাকার একটি বাসায় গিয়েছিলেন। সেখানে থাকা একটি তার হাত দিয়ে ছিঁড়তে না পেরে তিনি দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। সে সময়ই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
রাসেলের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

