টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:৪৩
 
কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে আনার সময় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৯ আগস্ট) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সাবরাং বিওপি এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের কুলালপাড়ার মৃত কবির আহমেদের ছেলে মো. জামাল হোসেন (৩৮), সাবরাং নোয়াপাড়ার আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৪) ও শাহ আলমের ছেলে মো. এমরান (২৫)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদে সাবরাং সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দ্রুত সীমান্ত অতিক্রম করতে দেখে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির সংকেত অমান্য করে পালানোর সময় নৌকায় থাকা ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয়।

বিজিবির নৌ-টহল দল ধাওয়া দিয়ে তিনজনকে নৌকাসহ আটক করে। পরে আটকদের দেওয়া তথ্যে সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপি টিম নাফ নদীতে তল্লাশি চালিয়ে জালিয়াপাড়া এলাকা থেকে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তাটি তল্লাশি করে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

জব্দকৃত ইয়াবা ও নৌকাসহ আটক তিনজনকে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আইএ