লর্ডস টেস্টের তৃতীয় দিন ছিল বৃষ্টির দাপট। পুরো পঁচিশ ওভারও খেলা হয়নি এই দিন। তারপরও ইংল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। ৩৫৭ রানের লিড পেয়েছে ইংলিশরা। হাতে এখনও আছে ৩ উইকেট। পিছিয়ে থাকলেও মিরাকলের আশা করছে পাকিস্তান।
পাকিস্তানের এমন দুর্দশার বড় কারণ তাদের ব্যাটিং। প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়া যে দলকে ম্যাচে পিছিয়ে দিয়েছে, সেটি স্বীকার করেছেন পেসার মোহাম্মদ আলীও। তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, ‘প্রথম ইনিংসের ঘাটতিটাই অনেক বেশি ছিল। এতটা পিছিয়ে গেলে যত দ্রুত সম্ভব প্রতিপক্ষের উইকেট নেওয়া ছাড়া আর কিছু করার থাকে না।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, প্রথম ইনিংসের তুলনায় এবার আমরা দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছি। আরও ভালো জায়গায় এবং বেশি ধারাবাহিকভাবেই করেছি। এ কারণেই ইংল্যান্ড এখন ১৭৭ রানে ৭ উইকেট।’
পাকিস্তান পেসাররা লর্ডসের কন্ডিশন উপভোগ করেছে জানিয়ে মোহাম্মদ আলী বলেন, ‘লর্ডসে প্রায়ই অসম বাউন্স দেখা যায়। যতজন ফাস্ট বোলারই খেলুক, এমন কন্ডিশনে ফাস্ট বোলারদের বোলিং উপভোগ করা উচিত। আপনার কাজের চাপ ও প্রস্তুতি ঠিক থাকলে কোনো সমস্যা হবে না।’

লর্ডসের অসম বাউন্সের চতুর্থ ইনিংসে ৪০০ রানের লক্ষ্য প্রায় অসম্ভবের কাছাকাছি বলেই মনে করা হচ্ছে। তবে অলৌকিক কিছু ঘটার আশা করেছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘ক্রিকেটে মিরাকল ঘটেই। এই মুহূর্তে আমরা শুধু আশা করতে পারি এবং ব্যাটিং বিভাগকে উৎসাহ দিতে পারি। কাজটা কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়।’

