ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) দায়িত্বে রদবদল করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি কার্যালয় আদেশ জারি করেছে ডিএমপি।
রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে এ তথ্য জানানো হয়।
এক আদেশে উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য আদেশে পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ডিবি-মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এডিসি মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডিবি-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে পদায়ন করা হয়েছে।
ডিএমপির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

