স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৫২

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে পাঁচ বছর আগে স্পেন ছেড়েছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন এই মহাতারকার দ্বিতীয় বাড়ি স্পেন। তাই তো সুযোগ পেলেই সেখানে ছুটে যান। রোববার (৩০ আগস্ট) সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন মেসি। 

গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। ক্লাবটিতে তার ফেরার গুঞ্জনও উঠেছিল। 

তবে স্পেনে নিজের অবস্থান তৈরি করতে গত এপ্রিলে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কেনেন মেসি। কাতালান ক্লাবের সবুজ ও সাদা জার্সিতে তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে হাজির হন মেসি। 

কর্নেলা সেই ছবি এক্স-এ পোস্ট করে লিখেছে, ‘লিও মেসি ও তার পরিবার এই মৌসুম শুরু করতে প্রস্তুত হচ্ছেন। কর্নেলা থেকে সারা বিশ্ব, তার মতো সবুজ জার্সি পরা মানুষের সংখ্যা বেড়ে চলেছে, এই দারুণ চ্যালেঞ্জ শুরু করতে মুখিয়ে সবাই। এগিয়ে চলো, কর্নেলা।’ 

ইত্তেফাক/জেডএইচ