নারী এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। 'বি' গ্রুপে থাকা টাইগ্রেসদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে বাংলাদেশ।
টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি জানিয়েছিলেন, ভালোভাবেই প্রস্তুতি সেরেছেন তারা। ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিমান ধরেছেন।

এর আগে টুর্নামেন্টটির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে ফাইনাল খেলতে না পারার আগে আক্ষেপ নিয়ে দেশে ফিরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল মেয়েরা। 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

