বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। নতুন মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হলেও ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছেন তিনি। রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।
তিনি জানিয়েছেন, কিশোর তারকা লামিনে ইয়ামাল ধীরে ধীরে আবারও নিজের ‘সেরা ফর্মে’ ফিরছেন।
লা লিগায় বাংলাদেশ সময় সোমবার রাত দেড়টায় ঘরের মাঠে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে দলের সবচেয় বড় তারকার ফর্ম নিয়ে কথা বলেন ফ্লিক।
১৯ বছর বয়সী ইয়ামাল মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে সেরা ছন্দে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দেন বিশ্বকাপজয়ী এই তারকা, যদিও গোল পাননি।
ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমি জানি সবাই ভাবছে লামিনে কেমন করছে। সে বিশ্বকাপ খেলেছে বড় চোটের পর। এখন সে আবারও সেরা অবস্থায় ফিরছে।’
ইয়ামাল এপ্রিল মাসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এবং বিশ্বকাপে ফিরলেও ব্যক্তিগতভাবে বড় প্রভাব রাখতে পারেননি।
কোচ আরও বলেন, ‘প্রথম ম্যাচ হয়তো তার সেরা ছিল না, কিন্তু আমি খুশি যে সে শুরু করেছে এবং দলের জন্য কাজ করেছে। বিলবাওয়ের বিপক্ষে সে পুরো ৯০ মিনিট খেলেছে, যা তার জন্য গুরুত্বপূর্ণ। কিছু মুহূর্তে আমরা তাকে সত্যিই সেরা ফর্মে দেখেছি।
এলচের বিপক্ষে ম্যাচ শেষে হতাশ ছিলেন ইয়ামাল, তবে রায়োর ম্যাচের আগে অনুশীলনে তাকে আরও প্রাণবন্ত দেখা গেছে। ফ্লিক বলেন, “সব খেলোয়াড় সবসময় হাসিখুশি থাকে না। আমিও প্রতিদিন হাসি না। এটা স্বাভাবিক।’
মৌসুমের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। রাফিনিয়া খেলেছেন অস্থায়ীভাবে নাম্বার নাইন হিসেবে। আতলেতিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে দলে নিতে পারেনি চ্যাম্পিয়নরা।
ফ্লিক বলেন, ‘আমি আমার দল নিয়ে খুশি। ডেকো কাজ করছে দলকে আরও শক্তিশালী করতে। তবে আমাদের কোনো চাপ নেই। নতুন স্ট্রাইকার না এলেও আমি বর্তমান খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট।’

