ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে কোচিংয়ে পরিবর্তন আনছে পাকিস্তান

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:০০

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দুইটিতেই হেরেছে পাকিস্তান। এতেই এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে সরফরকারীরা। এমন হারের পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হারের পর হেসনকে টেস্ট দল দেখভালের দায়িত্ব দিয়েছে পিসিবি। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। সে ম্যাচে সফরকারী দলের সঙ্গে থাকার কথা হেসনের। এমনকি ম্যাচে পাকিস্তানের ড্রেসিংরুমেও উপস্থিতি থাকবেন তিনি।

হেসন মূলত হাই পারফরম্যান্সের পরিচালক আকিব জাভেদের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন প্রিন্স চার্লসের আয়োজিত একটি নৈশভোজে যোগ দিতে। তবে সফরের মাঝপথে টেস্ট দলের কার্যক্রমে তাকে যুক্ত করার সিদ্ধান্ত সরফরাজের অবস্থানকে নতুন করে আলোচনায় এনেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিন সংস্করণেই কোচের দায়িত্ব দেওয়ার হতে পারে হেসনকে। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। 

একই সঙ্গে পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বেও পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। বাবর আজম নেতৃত্ব চালিয়ে যাবেন কি না, সেটা নিয়ে নতুন করে ভাবতে চায় পিসিবি।

ইত্তেফাক/জেডএইচ