রংপুরে চার খুন

জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১

রংপুরের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের চারজনকে হত্যার মামলায় স্বীকারোক্তি দেওয়া দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে আদালতের নির্দেশে কারাগারের গেটে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মামলার তদন্তকারী দল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জিন্নাত আলীসহ দুজন ডিবি কর্মকর্তা রংপুর কেন্দ্রীয় কারাগারের গেটে প্রবেশ করেন।

এর আগে সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম আসামিদের জেলগেটে দুই দিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তদন্ত কর্মকর্তা আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন জানালেও আসামিরা আগেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আইনি বিধিনিষেধের কারণে নতুন করে পুলিশ রিমান্ড মঞ্জুর না করে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। 

গত ২১ আগস্ট ভোররাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। 

হত্যাকাণ্ডের পর ২৩ আগস্ট পুলিশ সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে এবং ওইদিনই তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে ঘটনার ৯ দিনের মাথায় সংগৃহীত প্রস্রাবের নমুনার ডোপ টেস্ট প্রতিবেদনে দুজনের শরীরেই কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে এ মামলায় সীমান্ত ও বিদ্যুৎ নামে দুজন সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। 

চার খুনের ঘটনায় নেপথ্যে আরও কোনো মূল পরিকল্পনাকারী বা সহযোগী জড়িত আছে কি না, তা খুঁজে বের করে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে রংপুরসহ বিভিন্ন স্থানে নাগরিক আন্দোলন ও কর্মসূচি অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/আরএইচ