‘ইউজড স্পেয়ার পার্টস’ ঘোষণার আড়ালে জাপান থেকে আমদানি করা প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ও যন্ত্রাংশ নিলাম প্রক্রিয়ায় খালাসের অপচেষ্টা প্রতিহত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে অভিযান চালিয়ে বিচ্ছিন্ন অবস্থায় বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশ জব্দ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন।
গাড়ির যন্ত্রাংশের মধ্যে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর বিভিন্ন অংশ এবং হোন্ডা বি১৮সি টাইপ-আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ/হাফ-কাট, টায়ারসহ বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়।
চালানটি গত ১০ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রায় এক মাসেও বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি বলেও জানান সাগর সেন। নিলামের মাধ্যমে পণ্য খালাসের চেষ্টা করা হচ্ছিল-এমন তথ্যের ভিত্তিতে চালানটি পরীক্ষা করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন বলেন, চালানে পাওয়া অংশগুলো আবার সংযোজন করে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করা সম্ভব কি না, তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। গাড়িভেদে শুল্ক-কর ভার ১০৩ থেকে ৬২১ শতাংশ। আমদানিকারক বা সংশ্লিষ্ট কেউ চালানটি খালাস করতে চাইলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে শুল্ক-কর ও জরিমানা পরিশোধ করতে হবে।
কাস্টমস সূত্রে জানা যায়, জাপান থেকে একটি ৪০ ফুট কনটেইনারে ১৬৭ প্যাকেজে ৮ হাজার ১৮ কেজি পণ্য আমদানি করা হয়। পণ্যগুলো ‘পুরোনো গাড়ির যন্ত্রাংশ ও গিয়ারবক্সসহ ব্যবহৃত পেট্রল ইঞ্জিন’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। কনটেইনারে তিন স্তরে পণ্য সাজানো ছিল। সামনের দিকে রাখা হয়েছিল গাড়ির যন্ত্রাংশ। সেগুলোর আড়ালে পাওয়া যায় লেক্সাস ও বিএমডব্লিউর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস জাপান থেকে এই গাড়িগুলো আমদানি করে। এর আগে মোংলা বন্দর থেকে একই আমদানিকারকের মিথ্যা ঘোষণায় আনা বিলাসবহুল গাড়ির চালান আটক করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার চালানটির বিষয়ে অনুসন্ধান করা হয়। এ সময় লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর মডেলের গাড়ির যন্ত্রাংশের পাশাপাশি হোন্ডা বি১৮সি টাইপ-আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাটসহ অন্য যন্ত্রাংশ পাওয়া যায়।
কাস্টমসের প্রাথমিক হিসাবে, লেক্সাস এলএক্স ৬০০-এর বাজারমূল্য ৬ থেকে ৯ কোটি টাকা, লেক্সাস এসসি ৪৩০-এর ৫০ থেকে ৯০ লাখ টাকা এবং বিএমডব্লিউ এম৫-এর ৩ থেকে ৮ কোটি টাকা হতে পারে। তবে যন্ত্রাংশগুলোর প্রকৃত মূল্য ও শুল্কযোগ্যতা যাচাই শেষে নির্ধারণ করা হবে।
চালানটির আমদানি মূল্য, পেমেন্টের ধরন, সংশ্লিষ্ট বাণিজ্যিক দলিল ও লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে। একইসঙ্গে পণ্য আমদানির সঙ্গে অস্বাভাবিক আর্থিক লেনদেন বা মানি লন্ডারিংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে চালানটির প্রকৃত পণ্য, মূল্য ও শুল্ক-কর নির্ধারণের বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে পণ্যের প্রকৃত শ্রেণিবিন্যাস ও মূল্য নির্ধারণ করে রাজস্ব ফাঁকি বা অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আমদানিকারক ও অন্যদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

