পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮) আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন সোহেল।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে নজরুল খান দাবি করেন, তিনি হামলা নয়, প্রতিরোধ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ। সভাপতি পদে শাজাহান খানের নাম একমাত্র প্রার্থী হিসেবে প্রস্তাব ও সমর্থন করা হলে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
এ সময় সোহেল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে তার সঙ্গে নজরুল খানের তর্কবিতর্ক হয়। পরে সোহেলের ওপর হামলার অভিযোগ ওঠে।
কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু সেদিন পাঁচজন উপস্থিত ছিলেন। তাই কোরাম ছাড়াই সভাপতি নির্বাচন করা হয়েছে বলে দাবি করেন সোহেল।
এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, একমাত্র প্রার্থী শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ইউএনওর নির্দেশনা অনুযায়ী উপস্থিত সদস্যদের নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে কাগজপত্র পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে নজরুল খান বলেন, ‘আমি হামলা করিনি, প্রতিরোধ করেছি।’
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন সম্পর্কে পুলিশকে জানানো হয়নি।
এসময় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি।

