শেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, এক মাসে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮

বগুড়ার শেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকাসহ ডেঙ্গুপ্রবণ এলাকা থেকে ফিরে আসা ব্যক্তিদের পাশাপাশি এবার স্থানীয় বাসিন্দারাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গত ১ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ৪৫ জন ডেঙ্গু রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন। এর বাইরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া রোগী থাকায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে।

মির্জাপুর ইউনিয়নের ফিরোজ হোসেন (২৫), খানপুর ইউনিয়নের নায়েরখাগা গ্রামের আব্দুস সালাম (৩১) ও চৌবাড়িয়া গ্রামের সিপ্লব হোসেন (২৩) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আব্দুস সালাম কখনো ঢাকায় যাননি বলে স্থানীয়রা জানিয়েছেন। অন্যদিকে, সিপ্লব ঢাকার মিরপুরে চাকরি করেন। সেখানেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি শেরপুরে ফিরে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু আক্রান্ত রুবেল মাহমুদ জনি জানান, তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় চাকরি করতেন। সেখানে অসুস্থ হওয়ার পর শেরপুরে ফিরে এসে চিকিৎসা নিচ্ছেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, গত এক বছরে যতসংখ্যক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, শুধু আগস্ট মাসেই তার চেয়ে বেশি—৪৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

তিনি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ইত্তেফাক/এএইচপি