খুলনায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:০৬

খুলনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে নগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার দাস জানান, দুপুরে খুলনা থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। খুলনা রেল স্টেশন ছাড়ার পর নগরীর নয়াবাটি এলাকায় রেল লাইন অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। 

ওসি জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ