গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সংসদের ভেতরে এবং বাইরে দেশের ও জনগণের স্বার্থে সকল ভালো কাজে জামায়াত সরকারকে সহযোগিতা করবে এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। এটি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সব আন্দোলনই ননভায়োলেন্ট করতে চাই।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং সংসদের ভেতরে-বাইরে জামায়াতের ভূমিকা নিয়ে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন দলটির আমির।
গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে সংকট তৈরি হতে পারে বলে মতবিনিময় সভায় উল্লেখ করেছেন জামায়াত আমির।
বৈঠকে উপস্থিত গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন বলেও জানান গোলাম পরওয়ার। তাদের মতে, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের রায় নিয়ে কোনো দলের ভিন্নমত থাকলে সেটি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত। সংশ্লিষ্ট দলগুলোকে স্পষ্ট করে জানাতে হবে তারা জনগণের রায় মেনে নেবে কি না।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, মতবিনিময় সভায় দেশের চলমান বিভিন্ন সমস্যাও উঠে আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, জনজীবনের দুর্ভোগ, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াত আমির ও গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা।
তিনি বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত গঠন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন জামায়াত আমির।
গোলাম পরওয়ার বলেন, সভায় বিরোধীদলীয় নেতা বলেছেন, সংবাদ পরিবেশন যেমন একটি দায়িত্ব। তেমনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের ত্রুটি-বিচ্যুতি খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সভায় টেলিভিশনের নির্বাহী প্রধানরা চাকরি নিরাপত্তাসহ নানা সমস্যার কথা তুলে ধরেছেন উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, টেলিভিশনের শীর্ষ নির্বাহীরা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই। বেতন কাঠামো নেই, ওয়েজ বোর্ড নেই, সেখানে কোনো কাঠামোগত অবস্থান নেই। এসব সমস্যা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তুলে ধরা বা কথা বলার পরামর্শ দিয়েছেন এবং সেখানে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেছেন বলে জানান গোলাম পরওয়ার।
মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও প্রধান বার্তা সম্পাদকরা অংশ নেন।
এসময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

