শাহজালাল বিমানবন্দর

যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা ৮০টি স্বর্ণের বারের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমস সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা। একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। স্কচটেপ দিয়ে মোড়ানো ওই প্যাকেট খুলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার করা বারগুলোর সম্মিলিত ওজন প্রায় ৯ কেজি ৩৩০ গ্রাম। প্রাথমিক মূল্যায়নে এর আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

কাস্টমস জানায়, সোনার বারগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজের আসনের নিচে কালো স্কচটেপে অত্যন্ত কৌশলে সোনার বারগুলো লুকিয়ে সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে এসব সোনা বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।

এনবিআর আরও জানায়, উদ্ধার করা সোনার বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বলেন, স্বর্ণের চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের সম্ভাব্য নেটওয়ার্ক ও চালানটির উৎস সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসজেএস