৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে শানাকা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

চলতি মাসে ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ৩২ মাস পর লঙ্কানদের ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি। 

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুইবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৪৪ ম্যাচে ৬৯ শিকার করেছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ৬ ইনিংসে ৭.৯৫ ইকোনমি রেটে ১০ উইকেট নেন কলম্বাগে।

ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। তার ডেপুটির হিসেবে দায়িত্ব পালন করবেন চারিথ আসালঙ্কা। সর্বশেষ শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাটের অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি।

আসালাঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন- লাহিরু উদারা, জানিথ লিয়ানাগে ও থারিন্দু রাত্নায়েকে। দল থেকে বাদ পড়েছেন- পবন রাত্নায়েকে, লাসিথ ক্রুসপুলে, মিলান রাত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি এবং ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাবন রত্নায়েকে, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো।

ইত্তেফাক/জেডএইচ