আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। গণভবনে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী। জাপা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে এরশাদ তার চিকিত্সায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করার পর রাতে গণভবনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
বৈঠক সূত্রে জানা গেছে, জাপাকে ৩৬টি আসন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। তবে জাপার পক্ষ থেকে আরো ৭/৮টি আসন দাবি করা হয়েছে। বিষয়টি আজকালের মধ্যে চূড়ান্ত হতে পারে। আর বিকল্পধারা ও যুক্তফ্রন্টকে তিনটি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিকল্পধারার পক্ষ থেকে আরো দুটি আসনের জোর দাবি জানানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বর্তমান এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর হাতে চিঠি তুলে দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। দলের হাতে দুই দিন সময় থাকলেও আজ ও আগামীকালের মধ্যেই চূড়ান্ত চিঠি দেওয়া হচ্ছে দল ও জোটের প্রার্থীদের। এরই মধ্যে দল ও জোটের প্রার্থীদের জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে।
