নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পারেদেস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষে জড়িয়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য এখন কঠিন হয়ে উঠবে। লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তও তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাচ্ছে। 

গত আগস্টে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পান ৩২ বছর বয়সী এই ফুটবলার। বিশ্বকাপ ফাইনালের শেষ শেষ বাঁশি বাজার পরপরই মাঠে সংঘর্ষ বেঁধে যায়। শিরোপাজয়ী স্পেনের বদলি খেলোয়াড়েরা মাঠে ঢুকে উদযাপনে মেতে ওঠার সময় স্পেনের মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস। 

এই ঘটনায় তার বিরুদ্ধে আনা হয় হামলার তিনটি অভিযোগ, আর তার সতীর্থ নাহুয়েল মোলিনার বিরুদ্ধে ছিল দুটি অভিযোগ। শাস্তি হিসেবে দুজনকেই গুনতে হয় ৯০ হাজার ডলার করে জরিমানা। 

জাতীয় দলে মেসির অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে বলে মন্তব্য করে পারেদেস বলেন, 'লিওর উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। তিনি যা অর্জন করেছেন, কখনো হাল না ছেড়ে এগিয়ে গেছেন এবং দেখিয়েছেন-স্বপ্ন পূরণ করা কঠিন হলেও তার পেছনে ছুটতে হয়, চেষ্টা চালিয়ে যেতে হয়, শেষ পর্যন্ত তা পূরণ করাও সম্ভব। এসব কারণেই তার উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে।' 

পারেদেস আরও জানান, বিশ্বকাপের শেষ কয়েক দিনে তারা কথা বলেছিলেন যে, ফাইনাল ম্যাচটিই হয়তো মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। তবু এর জন্য তারা প্রস্তুত ছিলেন না, কারণ দলের কাছে মেসির গুরুত্ব ছিল অপরিসীম।

ইত্তেফাক/জেডএইচ