ছুড়বি না হাত,
কাটবি না পাত?
ঠুঁটো জগন্নাথ
সেজে আর গুজব শুনে,
হাত দেখে আর কোষ্ঠী গুনে
কাটাবি কাল;
রে নন্দলাল—
এইভাবে কি জীবন যাবে?
রাঘব বোয়াল সবই খাবে,
দেখবি বসে
হা-হুতোশে
সামনে দিয়ে পালাচ্ছে চোর,
কী হবে তোর
সন্তানাদির; অনিশ্চিত
ভবিষ্যতের ঝুলছে মুলো,
আর কতকাল থাকবি নুলো
মিথ্যা আশায় পরকালের;
ঘোর আকালের
বাঁধন ছিঁড়ে—রক্তে যদি ওঠে বলক,
আসবে শলক
তোর জীবন—সুনিশ্চিত।
