বড় ভাইকে কুপিয়ে হত্যা করে থানায় ছোট ভাইয়ের আত্মসমর্পন

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:১৯

সাভারের আশুলিয়া পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে ছোট ভাই। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আবু তাহের (৪০)। অভিযুক্তের নাম জাহিদুর রহমান (২৭)। তারা দুজনেই আপন ভাই।  তিন ভাইয়ের মধ্যে নিহত আবু তাহের সবার বড় এবং অভিযুক্ত জাহিদ মেজ। জাহিদ এক সময় পোশাক কারখানার কাজ করলেও এখন সে বেকার।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ঘটনার পর জাহিদ দা হাতে থানায় আসে। সে নিজে তার বড় ভাই আবু তাহেরকে কুপিয়ে হত্যা করেছে বলে ঘটনার বর্ণনা দেয়। তাদরে দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও পারিবারিক কলহো চলে আসছিল। এরই জের ধরে জহিদ তার বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জাহিদ জানিয়েছে।  তিনি আরো জানান, নিহত আবু তাহেরের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও গলায় কোপের চিহ্ন রয়েছে।