দিনাজপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার

‘আমরা আশা করছি অতিশীঘ্রই ভালো কিছু হবে’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বলেছেন, দুই দেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয়পর্যায়ে আলোচনা চলছে। আমরা আশা করছি অতিশীঘ্রই ভালো কিছু হবে। এক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ।

রোববার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

দুপুরে সহকারী হাইকমিশনার রাজশাহী থেকে সড়ক পথে হিলি এসে পৌছালে বন্দরের ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় তিনি চেকপোস্টের জিরো পয়েন্টে গেলে ভারতের ব্যবসায়ীরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে বিজিবি, ভারতীয় ব্যবসায়ী ও বিএসএফের সঙ্গে কথা বলেন। এরপর তিনি স্থানীয় ডাকবাংলায় এক বৈঠকে যোগ দেন।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মন্ডলসহ অনেকে।

সহকারী হাইকমিশনার মনোজ কুমার আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আরও বিস্তৃত হবে। দুই দেশের ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যেই ভারত সরকার সেই দেশের হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও ত্বরান্বিত হবে।

এর আগে দুপুর ১টার দিকে হিলি স্থলবন্দরের ডাকবাংলোয় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শূন্যরেখায় গিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও সীমান্ত কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এপি